আমি তাদের প্রায়ই দেখতাম,
বাড়িতে একজন বলত, লাইব্রেরি যাচ্ছে,
অন্যজন বলত, মৌসুমীর নোট ফেরাতে।
লাইব্রেরি ছিল তাদের
এক নিষ্পাপ মিথ্যের নাম।
মৌসুমী কোনোদিন জানেনি,
তার অর্থনীতির খাতার ভিতর
দুজন মানুষ অর্থহীনভাবে সুখী ছিল।
দুই রিং মানে বেরিয়ে এসো।
এক রিং আজ বিপদ।
তিন রিং হলে কেউ ফোন ধরত না;
আমি শুধু দেখতাম,
দুটি আলাদা বাড়ির ভিতর
দুটি বুক একসঙ্গে কেঁপে উঠছে।
বাস আসত, চলে যেত,
তারা উঠত না।
তখন সময়ের ভাড়া কম ছিল,
আর পাশাপাশি দাঁড়ানোকে
কেউ যাত্রা বলে চিনত না।
রিকশার হুড নামলে
শহর কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যেত।
একজন অন্যজনের কবজিতে আঙুল রেখে
ঘড়ি দেখার ভান করত,
অথচ সময় তখন
তাদের দুজনেরই নাগালের বাইরে।
তাদের মাঝখানে
এক ইঞ্চি বাতাস ছিল।
সেই বেচারা সারাক্ষণ
চাপা পড়ার ভয়ে কাঁপত।
এক দুপুরে শহর অফিসে ছিল।
একটি ধার-করা ঘর
ভিতর থেকে আস্তে দরজা লাগিয়েছিল।
দেয়ালের ঘড়ি মুখ ফিরিয়ে নেয়,
পর্দা নিজের থেকেই নেমে আসে,
আর দুটো বালিশ
পরস্পরের ভাষা শিখে ফেলে।
আমি সেই ঘরে ছিলাম না।
তবু পরে দেখেছি,
একজনের এলোমেলো চুল,
অন্যজনের জামার বোতাম ভুল,
আয়নায় লেগে থাকতো,
দু-একটি নির্বাক যতিচিহ্ন,
আর দুজনের চোখে
সদ্য শেখা কোনো গোপন ব্যাকরণ।
ফেরার সময় তারা আলাদা রাস্তা নিত।
একজন আগে বাড়ি পৌঁছোলে কি না,
সেটাই জানতে পারায় ছিল অন্যজনের ধর্ম।
অন্যজন ধরা যেনো না পড়ে,
সেটাই ছিল প্রথমজনের প্রার্থনা।
তাদের লোভ ছিল,
কিন্তু মালিকানা ছিল না।
দুটি হৃদয়ের দরজায় তখনও
আগের কোনো ভাড়াটের নাম ঝুলত না;
তাই সামান্য ছোঁয়াতেও
আমি পুরো পাড়াটা আলো হতে দেখেছি।
এখন শহরে এত ক্যামেরা,
এত লোকেশন, এত প্রমাণ,
কেউ আর ঠিকমতো
কারও কাছে হারিয়ে যেতে পারে না।
তবু কখনও পুরোনো বই খুললে
একটা বিবর্ণ বাসের টিকিট ঝরে পড়ে।
তারিখ মুছে গেছে, গন্তব্যও।
শুধু ভাঁজের ভিতর
আমি এখনও পাশাপাশি বসে থাকতে দেখি
দুটি নিষ্পাপ মিথ্যেকে,
যারা সেদিন বাড়ি ফেরেনি।
